শিরোনাম

আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেতানিয়াহু

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১০ জুন) তার দল লিকুদ পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লিকুদ পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু আসন্ন নির্বাচনে অংশ নেবেন এবং এতে জয়ী হবেন। যদিও এখন পর্যন্ত নির্বাচনের আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে দেশটির সংবিধান অনুযায়ী আগামী অক্টোবরের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ ও পুনরায় প্রার্থী হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে ওই সাংবাদিক জানান, নেতানিয়াহুর একটি অসাধারণ রাজনৈতিক জীবন থাকলেও তিনি এটি আর চালিয়ে যেতে চান কি না, তা নিশ্চিত নয়।

তবে সাম্প্রতিক জনমত জরিপগুলো নেতানিয়াহুর জন্য খুব একটা ইতিবাচক বার্তা দিচ্ছে না। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের ৯ জুনের এক জরিপে দেখা গেছে, দেশটির প্রায় ৬১ শতাংশ নাগরিক মনে করেন নেতানিয়াহুর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। জরিপের আভাস অনুযায়ী, আগামী নির্বাচনে তার বর্তমান জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। অবশ্য আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় বিরোধী দলগুলোর সম্ভাব্য জোটও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সম্প্রতি গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব ও মতবিরোধ তৈরি হয়েছে। এমনকি একটি ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ‘অত্যন্ত উত্তেজিত’ বলে অভিহিত করেছিলেন বলেও জানা গেছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/