শিরোনাম

নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল ছবি (এপি)

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বাড়িয়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে বোমা হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এক ফোনকলে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

দুই নেতার মধ্যকার ফোনকল সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে ‘উন্মাদ’ ও ‘অকৃতজ্ঞ’ বলেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন কর্মকর্তা বলেছেন, ক্ষমতায় ফেরার পর এটি ছিল নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের অন্যতম বাজে ফোনকল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফোনকলে প্রেসিডেন্ট অপেক্ষাকৃত নরম ভাষায় যা বলেছেন সেটা হলো, ‘এখন সবাই আপনাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করে।’

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প এতটাই ক্ষুব্ধ ছিলেন যে একপর্যায়ে নেতানিয়াহুর ওপর চিৎকার করেন।

ট্রাম্প বলেন, অতীতে বিভিন্ন সংকটে তিনি নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন এবং রাজনৈতিক সমর্থন দিয়েছেন। আমেরিকার সমর্থন না থাকলে নেতানিয়াহুকে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতো বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্রগুলোর দাবি, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, বৈরুতে বড় ধরনের হামলা চালালে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সূত্র: অ্যাক্সিওস, আল জাজিরা

/জেএইচ/