শিরোনাম

মার্কিন বাহিনীকে তাড়াও অন্যথায় হামলার শিকার হও: আইআরজিসি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন বাহিনীকে তাড়াও অন্যথায় হামলার শিকার হও: আইআরজিসি
মার্কিন বাহিনীর সদস্যরা

পেন্টাগনের সামরিক উপস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকে চরম বার্তা দিয়েছে ইরান। নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন বাহিনীকে তাড়িয়ে দিয়ে সেখানকার সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। অন্যথায় সেখানে ধ্বংসাত্মক আঘাত হানার হুমকি দেওয়া হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির রাজনৈতিক উপ-প্রধান জেনারেল ইয়াদোল্লাহ জাভানি এ হুঁশিয়ারি দেন। কুয়েত, বাহরাইন ও জর্ডানের নাম উল্লেখ করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দেশ যদি তাদের মাটি আমেরিকানদের ব্যবহার করতে দেয়, তবে চরম ও নির্দয় প্রতিশোধ নেওয়া হবে।

এ বার্তার পরপরই জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এ আঘাতের মাধ্যমে তেহরান মূলত এটি স্পষ্ট করল যে, মার্কিন বাহিনীর যেকোনো পাল্টা আক্রমণের কড়া জবাব দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে একটি সর্বাত্মক সংঘাতের জন্য তাদের চূড়ান্ত প্রস্তুতি শেষ।

উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি আল জাজিরাকে জানান, ওয়াশিংটন কূটনীতির ভাষা বোঝে না, তেহরানের সামনে এখন পানির মতো পরিষ্কার। ফলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় দফায় এক পূর্ণাঙ্গ যুদ্ধের ছক কষছে। জর্ডানের মার্কিন ঘাঁটিতে আক্রমণের ব্যাখ্যায় তিনি বলেন, চূড়ান্ত যুদ্ধ শুরু হলে ইসরায়েলে যেন খুব সহজেই সরাসরি আঘাত হানা যায়, সেটিরই আগাম ক্ষেত্র তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আবারও সংঘাত শুরু হলে ইরান বহু গুণ বেশি শক্তিশালী জবাব দেবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/