শিরোনাম

হরমুজ প্রণালি নিয়ে আরও কঠোর অবস্থানে ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালি নিয়ে আরও কঠোর অবস্থানে ইরান
হরমুজ প্রণালিতে জাহাজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরও হরমুজ প্রণালি অবরোধের সিদ্ধান্তে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের চলাচল এখনও নিষিদ্ধ রয়েছে। তারা সতর্ক করে বলেছে, কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের খার্গ দ্বীপে ব্যাপক বিমান হামলা চালায়। দ্বীপটি ইরানের ‘মুকুটের রত্ন’ হিসেবে পরিচিত, কারণ এখান থেকেই দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তিনি আরও সতর্ক করেন, ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তবে দ্বীপের তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।

তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমাদের হাতে রয়েছে। কিন্তু ভদ্রতার কারণে আমি দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস করিনি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে আমি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’

এদিকে, অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৩ ডলারে পৌঁছেছে, যা প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/