শিরোনাম

৪ অঞ্চলে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

সিটিজেন ডেস্ক
৪ অঞ্চলে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস
ঝড়। ছবি: সংগৃহীত

গত দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির পর আবহাওয়া নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। রবিবার (১৫ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে আকাশজুড়ে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের বিষয়েও সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, চৈত্র মাসে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা। তবে এবার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় নদীবন্দরে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্ক থাকার এবং তীরের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

/জেএইচ/