শিরোনাম

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন নরসিংদীর শফিকুল

নরসিংদী প্রতিনিধি
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন নরসিংদীর শফিকুল
শফিকুল ইসলাম।

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নরসিংদীর রায়পুরার শফিকুল ইসলাম।

শনিবার (১৪ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মেয়ে রিয়া মণি।

নিহত শফিকুল ইসলাম রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের বাসিন্দা। বাবার নাম শরাফত আলী।

জানা যায়, শফিকুল ইসলাম ১৫ বছর যাবত মালদ্বীপে একটি রিসোর্টে কর্মী হিসেবে চাকরিরত ছিলেন। পরিবারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় ১০ বছর আগে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। পরিবারের আর্থিক সংকট দূর করতে মালদ্বীপে পাড়ি জমান। তিনি সবশেষ গত ৫ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও মালদ্বীপে ফিরেন। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নিহতের ছেলে রিফাত কাজ করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত রিফাত সেখানে গিয়ে বাবার মরদেহ দেখতে পেয়ে বাড়িতে মৃত্যুর কথা জানান।

নিহতের মেয়ে রিয়া মনি বলেন, ভোরে সেহরি রান্না করার সময় আমার ভাই রিফাত আমাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলে আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা এতিম হয়ে গেছি, বাবা আর বেঁচে নেই, আগুনে পুড়ে মারা গেছে।

নিহতের ছেলে রিফাত বলেন, আমার বাবা রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পুড়ে নিহত হয়েছে। বের হওয়ার জন্য শুধু একটি দরজা ছিলো, ধোঁয়ার কারণে কেউ বের হতে পারেননি। এরপর সবাইকে মৃত অবস্থায় বের করে আনা হয়। পরে বাড়িতে ফোনে বাবার মৃত্যুর খবর জানাই। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দূতাবাসে কথা হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা জানান, বিষয়টি আমি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি।

এর আগে গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণাধীন প্রকল্পের গেস্ট হাউজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গেস্ট হাউজের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ৭ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়।

/এসআর/