শিরোনাম

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা আটক

বরিশাল সংবাদদাতা
চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদল নেতা আটক
ছাত্রদল নেতা মনির সরদার। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে উজিরপুরের দক্ষিণ ধামুরা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। স্থানীয় বালু ব্যবসায়ী মনিরুল ইসলাম ছাত্রদলের ওই নেতার বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ব্যবসায়ী মনিরুল থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, তিনি উজিরপুরের শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজ করেন। সম্প্রতি ছাত্রদল নেতা মনির সরদার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তাকে প্রথমে ৫০ হাজার টাকা ও পরে বিকাশে ১০ হাজার টাকা দেন। বাকি ১ লাখ ৪০ হাজার টাকার দাবিতে গত শুক্রবার মনির সরদারের নেতৃত্বে তাঁর লোকজন ড্রেজার শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়িপেটা করেছেন। ওই শ্রমিক এখন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা মনির সরদারকে আটক করা হয়েছে। মনিরের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

/বিবি/