শিরোনাম

বিএনপির আরও ৫ নেতা সিটি করপোরেশনের প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
বিএনপির আরও ৫ নেতা সিটি করপোরেশনের প্রশাসক
(উপরে বাঁ থেকে, ঘড়ির কাঁটার দিকে) বিলকিস আক্তার জাহান শিরীন, মাহফুজুর রহমান, রুকুনোজ্জামান রোকন, মাহফুজ উন নবী চৌধুরী ও মো. ইউসুফ মোল্লা। ছবি: সংগৃহীত

দেশের ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন দায়িত্বপ্রাপ্ত ৫ প্রশাসকই বিএনপির নেতা। রবিবার (১৫ মার্চ) তারা দায়িত্ব গ্রহণ করবেন।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব। মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

এর আগে গেল ২৩ ফেব্রুয়ারি ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। তারাও ছিলেন বিএনপি নেতা। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।

/টিই/