শিরোনাম

লেবাননে হামলা নিয়ে ইরানের হুঁশিয়ারি

সিটিজেন ডেস্ক
লেবাননে হামলা নিয়ে ইরানের হুঁশিয়ারি
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি।

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা তীব্র করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যেই লেবাননে হামলা অব্যাহত থাকলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান।

দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, লেবাননের ওপর হামলা পুরোপুরি বন্ধ না হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে এর ফল ভোগ করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার বলেছেন, লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ও হামলা এবং এর পাশাপাশি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি লেবাননসহ সকল ফ্রন্টের জন্যই কার্যকর। একটি ফ্রন্টে এর লঙ্ঘন মানেই সকল ফ্রন্টে যুদ্ধবিরতির লঙ্ঘন। যেকোনো লঙ্ঘনের পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী থাকবে।’

ইরানের প্রধান আলোচক ও সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফও একই কথা বলেছেন।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ যুদ্ধবিরতি চুক্তি না মানার স্পষ্ট প্রমাণ।’

‘প্রতিটি সিদ্ধান্তেরই একটি মূল্য আছে, আর সেই মূল্য একসময় পরিশোধ করতে হয়। শেষ পর্যন্ত সবকিছুরই পরিণতি সামনে আসবে,’ যোগ করেন তিনি।

তাদের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল দক্ষিণ লেবাননে আগ্রাসন আরও তীব্র করেছে এবং বৈরুতে বড় আকারের হামলা পুনরায় শুরু করার হুমকি দিচ্ছে।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/