শিরোনাম

লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের

সিটিজেন ডেস্ক
লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ।

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কয়েক দিনের তীব্র লড়াই এবং নিকটবর্তী গ্রামগুলোতে উপর্যুপরি বিমান হামলার পর হিজবুল্লাহ যোদ্ধাদের হটিয়ে দুর্গটি নিয়ন্ত্রণে নেওয়ার কথা রবিবার (৩১ মে) নিশ্চিত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।

চলতি বছরের মার্চের প্রথম দিকে শুরু হওয়া ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে এটিকে তেল আবিবের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনে দুই পক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা চলমান থাকা এবং ১৭ এপ্রিল থেকে একটি নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি বাহিনী এই বড় ধরনের সামরিক অভিযান চালাল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্গের ওপর ইসরায়েলি পতাকা ওড়ানোর ছবি ও তথ্য পোস্ট করেছেন। এর আগে ১৯৮২ সালেও ইসরায়েল এ দুর্গটি দখল করেছিল এবং ২০০০ সালে সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত এটি তাদের নিয়ন্ত্রণেই ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস এবং নিজেদের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিউফোর্ট রিজ ও সুলুকি উপত্যকায় অভিযান শুরু করেছে, যা প্রয়োজনে আরও সম্প্রসারিত করা হতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা তাদের অভিযানের পরিধি বাড়িয়ে লিতানি নদী অতিক্রম করেছে। বর্তমানে তারা দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান কেন্দ্র নাবাতিয়েহ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং লিতানি থেকে জাহরানি নদী পর্যন্ত পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে নাবাতিয়েহ ও উপকূলীয় শহর টায়ারসহ আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি অগ্রযাত্রার মুখে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ-পশ্চিমের সীমান্ত শহর বায়াদায় ইসরায়েলি সৈন্য ও একটি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া নাবাতিয়েহ এবং বিউফোর্ট দুর্গের নিকটবর্তী বেশ কয়েকটি শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর বিশেষ ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার ইসরায়েলি বাহিনীকে বেশ বিপাকে ফেলেছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর ২ মার্চ এ যুদ্ধ শুরু হয়। এ রক্তক্ষয়ী সংঘাতে এখনও পর্যন্ত লেবাননে ৩,৩৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লাহর হামলায় অন্তত ২৫ জন ইসরায়েলি সেনা এবং উত্তর ইসরায়েলে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: এপি

/এমএকে/