শিরোনাম

মার্কিন অবরোধ এলাকা অতিক্রম করেছে ইরানের ৩ ট্যাঙ্কার

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন অবরোধ এলাকা অতিক্রম করেছে ইরানের ৩ ট্যাঙ্কার
তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স

দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সোমবার (১৫ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তি ঘোষণার পর থেকে ইরানের ৩টি তেলবাহী ট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা অতিক্রম করেছে। সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কারট্র্যাকার্স বুধবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি (এনআইটিসি) পরিচালিত দুটি ট্যাঙ্কার ডায়োনা এবং হিরো-২ মোট ৩৮ লাখ ব্যারেল তেল নিয়ে মার্কিন অবরোধসীমা অতিক্রম করেছে। একই সময়ে স্ট্রিম নামের আরেকটি ট্যাঙ্কার ইরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বুধবার রাত ১টা ১১ মিনিটের দিকে সোনিয়া ১ নামের তৃতীয় একটি ট্যাঙ্কার ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা অতিক্রম করেছে। এতে ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের দুই মাসব্যাপী নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার কথা রয়েছে। এর পরই ওই ট্যাঙ্কারগুলোর অবরোধসীমা অতিক্রম করার ঘটনা ঘটলো।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/