শিরোনাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি: রয়টার্স

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ করে যাচ্ছে দখলদার ইসরায়েল।

শুক্রবার (১৭ এপ্রিল) লেবানন সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের সেনাবাহিনী বলেছে, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হলেও একটু পর পর গোলাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা।

উত্তেজনাকর এই পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে সেখানে ফিরে যাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে বলেছে সেনাবাহিনী। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

যদিও এর আগে এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তাদের সেনারা এখনো লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় অবস্থান করছে। ফলে নিজেদের নিরাপত্তার জন্য সেখানকার বাসিন্দাদের লিটানি নদীর এ প্রান্তে ইসরায়েলি সীমানার কাছে না আসার জন্য নির্দেশ দিয়েছে তারা।

সূত্র: রয়টার্স

/জেএইচ/