শিরোনাম

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৮

সিটিজেন ডেস্ক
রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৮
ছবি: সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১১৮ জন আহত হয়েছেন। চলতি বছরের অন্যতম বৃহত্তম এ হামলায় গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সামরিক বাহিনী প্রায় ৬৬০টি ড্রোন এবং ৪৪টি মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী।

রাজধানী কিয়েভসহ খারকিভ, ওডেসা, দিনিপ্রো এবং জাপোরিঝঝিয়ার মতো প্রধান শহরগুলো এই ধ্বংসাত্মক হামলার শিকার হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিয়া সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় একে একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন।

রাজধানী কিয়েভে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছর বয়সী এক কিশোরসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখানে অন্তত ৪৮ জন আহত হয়েছেন। ওডেসাতে একটি আবাসিক ভবনে ড্রোন ও মিসাইলের জোড়া আঘাতে ৮ জন নিহত হন। সেখানে ওডেসা ন্যাশনাল মিউজিক একাডেমির ছাত্রাবাস ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত হয়েছেন ৫ শিক্ষার্থী। দিনিপ্রোতে ৩ জন এবং জাপোরিঝঝিয়াতে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলো।

ইতালি সফররত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, রাশিয়া যুদ্ধের পথ বেছে নিয়েছে এবং তাদের ওপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা শিথিল করার কোনো সুযোগ নেই। উল্লেখ্য, অর্থোডক্স ইস্টার উপলক্ষে ঘোষিত এক সংক্ষিপ্ত যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই রাশিয়া এ ভয়াবহ হামলা শুরু করলো।

সূত্র: সিএনএন

/এমএকে/