শিরোনাম

ভিত্তিহীন খবরে অস্বস্তিতে প্রভা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ভিত্তিহীন খবরে অস্বস্তিতে প্রভা
সাদিয়া জাহান প্রভা

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে আলোচনা যেনো পিছুই ছাড়ছে না। সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর তৃতীয় বিয়ের খবর। শুধু তাই নয়, দাবি করা হয়- গোপনে চুক্তিভিত্তিক বিয়েও করেছেন তিনি। বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা। খবরটি একেবারেই গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিনেত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমি কিছুই জানি না। হঠাৎ শুনলাম, আমার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কী বলব! সত্য হলো, আমি বিয়ে করিনি। চুক্তিভিত্তিক বিয়ের কথাও বলা হচ্ছে। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’

অভিনেত্রী জানান, তার বিয়ের খবর প্রকাশ করা হলেও এ বিষয়ে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। নিজের ইচ্ছামতো অনেকেই নানা তথ্য লিখছেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের লেখার শক্তি আছে। একই কলম কাউকে ভয়ংকর মানুষ হিসেবে, আবার কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে। এই শক্তির সঙ্গে দায়িত্বও আসে। তাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে অনুগ্রহ করে তথ্য যাচাই করুন। আমার সঙ্গে কথা বলুন। তাহলে সত্যটা সহজেই জানা যেত।’

‘চুক্তিভিত্তিক বিয়ে’র এই ভুয়া খবর ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা। কারণ, অনেকেই বিষয়টি ভুলভাবে জানছেন। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক তথ্য ফেসবুকের মাধ্যমে জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।’

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন তিনি। প্রভা জানান, সিনেমাটির কিছু কাজ এখনো অসমাপ্ত।

/এসআর/