শিরোনাম

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভায়’ কে কোন দায়িত্বে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভায়’ কে কোন দায়িত্বে

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের কার্যক্রম নজরদারি ও বিকল্প নীতি প্রস্তাব ও ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করেছে। এতে দলের আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যেই সদস্যদের প্রশিক্ষণ ও মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান দলের আমির ডা. শফিকুর রহমান। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

কে কোন মন্ত্রণালয় পেলেন

দলীয় সূত্রে জানা গেছে, ছায়া মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মুজিবুর রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইলিয়াস মোল্লা।

অন্যদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাফেজ রাশেদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আইয়ুবী।

কেন এই মন্ত্রিসভা?

জামায়াত নেতারা বলছেন, তিনটি লক্ষ্যকে সামনে রেখে ছায়া মন্ত্রিসভা গঠন করা হয়েছে। সেগুলো হলো- সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করা, দুর্বলতা চিহ্নিত করে বিকল্প নীতি প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব তৈরি করা।

দলটি প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা টিম কাজ করবে। এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রশিবির নেতাদেরও যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতের শীর্ষ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতির চর্চা রয়েছে এমন দেশগুলোতে বিরোধী দল সরকারের মন্ত্রিসভার পাশাপাশি একটি সমান্তরাল বা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করে। এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় বিকল্প প্রস্তাব দেওয়া হয়।

/জেএইচ/