শিরোনাম

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবি
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা-২০২৬। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ‘সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এসজিএসএফ)’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সংগঠনটির ‘সাধারণ সভা ২০২৬’- এ এই দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের বাদ দিয়ে কোনোভাবেই ন্যায্য মজুরি নির্ধারণ করা যাবে না। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের মতামত ও স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে এসজিএসএফর সভাপতি নাজমা আক্তার বলেন, গার্মেন্টস খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে মালিকপক্ষ ও সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

সাধারণ সভায় সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/