শিরোনাম

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি অক্টোবরে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি অক্টোবরে: শিক্ষামন্ত্রী
এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী অক্টোবরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের লক্ষ্যে এনটিআরসিএ ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এ উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশ পর্যায়ের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫’-এর আলোকে পরীক্ষাটি আয়োজনের জন্য বিদ্যমান ১০৬টি পদের সিলেবাস হালনাগাদ এবং ১৩টি নতুন পদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষা গ্রহণসংক্রান্ত পরিপত্র প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সিলেবাস ও পরিপত্র অনুমোদন, অনলাইন আবেদন প্ল্যাটফর্ম হালনাগাদ এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হওয়ার পর আনুমানিক অক্টোবর ২০২৬-এর মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা/৯ম এনটিআরসিএ শিক্ষক (প্রবেশ পর্যায়) নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা কত বছর পরপর বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হবে– এ বিষয়ে জানানো যাচ্ছে যে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’-এর বিধি ৩-এর উপবিধি (১)-এ কর্তৃপক্ষকে প্রতি পঞ্জিকা বছরে অন্তত একবার পরীক্ষা গ্রহণের বিধান ছিল। তবে ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫’-এ নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাধ্যতামূলকভাবে পরীক্ষা আয়োজনের কোনো বিধান রাখা হয়নি।

তিনি বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের সংখ্যা, শিক্ষক চাহিদা, নিয়োগ কার্যক্রমের প্রস্তুতি এবং প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে পরীক্ষা আয়োজন করা হবে। নতুন পদ্ধতিতে পরীক্ষাটি সুষ্ঠু ও নিয়মিতভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় পরিপত্র প্রণয়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/