শিরোনাম

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন পেজেশকিয়ান
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান

চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতে শত্রুর সামনে যেন কখনও দুর্বল অবস্থানে থেকে আপস করতে না হয়, সেজন্য দেশবাসীকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। সম্প্রতি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সির (আইএসএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দেশের অর্থনীতি, ব্যবস্থাপনা, সংস্কৃতি ও সাহিত্যসহ প্রতিটি ক্ষেত্রে সরকারকে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ করে ‘জেন জি’ বা নতুন প্রজন্মের তরুণদের মেধা ও শক্তিকে দেশের কাজে লাগানোর ওপর বাড়তি জোর দেন পেজেশকিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা শুধু বিক্ষোভে অংশ না নিয়ে বরং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের যুক্ত করবে। আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে।

প্রেসিডেন্ট হিসেবে দলমত নির্বিশেষে সবার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন পেজেশকিয়ান। তিনি জানান, ‘কারও সঙ্গেই আমার কোনো রাজনৈতিক বিরোধ নেই। যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন, তিনি যদি দেশের সংকট সমাধানে আমাদের সাহায্য করেন, তবে আমি তাকে সাদরে গ্রহণ করব।’ তিনি আরও জানান, ‘ডান বা বাম, ধার্মিক বা অধার্মিক কারও সঙ্গেই তার কোনো সংঘাত নেই। কারণ, দেশের সমস্যা সমাধানের সঙ্গে মানুষের ব্যক্তিগত বিশ্বাস বা মতাদর্শের কোনো সম্পর্ক নেই।’

দেশের অর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন, বাস্তবতাকে পাশ কাটিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, ‘দেশের বর্তমান বাস্তবতার কথা মাথায় রেখেই যেকোনো অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে। তা না হলে সমস্যা সমাধানের বদলে উল্টো নেতিবাচক ফল ও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’

সূত্র: আল জাজিরা

/এমএকে/