ইরানের তেলক্ষেত্রে কোনো ধরনের হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে সমপরিমাণ পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল সাকাব এসফাহানি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
সাকাব এসফাহানি বলেন, ‘শত্রুপক্ষ যদি আবারও কোনো ভুল করে, তাহলে আমাদের কৌশল হবে ‘চোখের বদলে চোখ’। আমাদের কোনো তেলকূপে আঘাত করা হলে, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে আমাদের ওপর হামলা চালানো হবে, সেই দেশের তেল স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হবে।’
তেহরানের চলমান কূটনৈতিক প্রক্রিয়া নিয়েও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, আলোচনার টেবিলে ইরানের প্রতিনিধি দল এখন শক্ত অবস্থানে রয়েছে এবং তারা প্রতিপক্ষের ওপর চাপ বজায় রেখেছে।
দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, এ খাতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকার সচেষ্ট রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন তেলক্ষেত্রে হামলার হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সুপেয় পানির স্থাপনাগুলো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি একাধিকবার উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান