শিরোনাম

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শর্ত যুক্তরাষ্ট্রের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শর্ত যুক্তরাষ্ট্রের
ইরানের ফুটবল দল। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে গেলেও শান্তিচুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। এমতাবস্থায় আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চলতি বছর ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করছে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

যুক্তরাষ্ট্রের ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে খেলোয়াড়রা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সঙ্গে আনতে পারবেন না।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের নতুন এই শর্তের কথা জানিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের(ইরান) আসতে নিষেধ করা হয়নি। তিনি বলেন, ইরানের সঙ্গে সমস্যা তাদের খেলোয়াড়দের নিয়ে নয়। তাদের সঙ্গে আসতে চাওয়া কিছু অন্যান্য ব্যক্তিকে নিয়ে, যাদের মধ্যে কেউ কেউ আইআরজিসির সঙ্গে জড়িত। আমরা হয়তো তাদের দেশে প্রবেশ করতে দিতে পারব না। তবে খেলোয়াড়দের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে জানান রুবিও।

তিনি আরও বলেন, ‘তারা আমাদের দেশে একদল আইআরজিসি সন্ত্রাসী নিয়ে এসে সাংবাদিক বা ক্রীড়াবিদদের ট্রেইনার পরিচয় দিতে পারবে না। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে।’

এর আগে যুদ্ধের কারণে বিশ্বকাপে অংশ নিতে ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল। কিন্তু বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এটা প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশাবাদী ইরান বিশ্বকাপে খেলবে।

/জেএইচ/