শিরোনাম

নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের
বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের একটি এলাকা

আকস্মিক বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে ‘হিমালয়কন্যা’ নেপাল। এমন পরিস্থিতিতে দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ৩৬ লাখ মার্কিন ডলারেরও বেশি মূল্যের জরুরি মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার অংশ হিসেবে নেপালের ১০ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তাসহ জীবন রক্ষাকারী সরঞ্জাম দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ওয়াশিংটন নেপালের জনগণের পাশে রয়েছে। এই সহায়তা তহবিলের আওতায় বন্যাকবলিত দশ হাজারটি পরিবারকে টানা ৩ মাস পর্যন্ত জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হবে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তার চেয়ে বেশি অগ্রাধিকার আমাদের কাছে আর কিছু নেই। দুর্যোগ ত্রাণ কার্যক্রম সমর্থনের পাশাপাশি নেপাল ও চীনে থাকা আমেরিকানদের সুরক্ষায় দূতাবাসগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এর আগে, গত বুধবার (২৬ আগস্ট) সকালে নেপাল-চীন সীমান্তের কাছাকাছি রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ভোতেকোশি নদীতে আকস্মিক ও শক্তিশালী বন্যা দেখা দেয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেনা ও পুলিশসহ ১৮ হাজার ৭০৮ জন নিরাপত্তাকর্মী এবং ১৬টি হেলিকপ্টার ব্যবহার করে এ পর্যন্ত সাত হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ভারত ও চীনের বিশেষজ্ঞ দলও উদ্ধারকাজে সক্রিয়ভাবে সহায়তা করছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত নেপালে ৬৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত আরও প্রায় ২ হাজার ৪০০ জনের বেশি লোকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে নেপাল পর্যটন বোর্ড।

এছাড়া, চীনের সীমান্ত এলাকায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক, যাদের মধ্যে ১৮ জন যুক্তরাষ্ট্রের অধিবাসী।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক নাগরিককে নিরাপদ স্থানে পৌঁছানো ও পুনর্বাসিত না করা পর্যন্ত সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে কাজ চালিয়ে যাবে।

/এফআর/