শিরোনাম

ভাঙ্গায় গাড়িচাপায় প্রাণ গেলো ৩ বন্ধুর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ভাঙ্গায় গাড়িচাপায় প্রাণ গেলো ৩ বন্ধুর
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি চাপায় মোটরসাইকেলে থাকা তিন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা  উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–নিহত নগরকান্দা উপজেলার হাসানহাটি গ্রামের দলিল উদ্দিনের ছেলে চয়ন মোল্লা, একই গ্রামের হেমায়েত মোল্যার ছেলে নয়ন মোল্লা এবং আজগর মোল্লার ছেলে সিয়াম মোল্লা।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, তারা তিনজন সম্পর্কে বন্ধু ছিলেন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরে ঘুরে একটি মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী তিন যুবক।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তিন যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চয়ন মোল্লা নামের যুবককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অপর গুরুতর আহত দুই যুবক নয়ন ও সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় রাতেই অপরজনেরও মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য কাইয়ুম মিয়া বলেন, রাতেই একজনের দাফন সম্পন্ন হয়েছে। এরপর আরও দুইজন মারা যায় এবং তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো  সোহেল খান জানান, অজ্ঞাত যানবাহনটি এখনো শনাক্ত করা যায়নি। যানবাহন শনাক্তে কাজ করছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এসআর/