শিরোনাম

নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির

সিটিজেন ডেস্ক
নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রবিবার (১৫ মার্চ) আইআরজিসির নিজস্ব সংবাদ মাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে নেতানিয়াহুকে ধাওয়া করবে এবং তাকে হত্যার প্রচেষ্টা চালিয়ে যাবে।

দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বর্তমান শাসনব্যবস্থা পতনের ডাক দিয়ে দেশটিতে সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতির চরম অবনতি ঘটে।

যুদ্ধের শুরুতেই গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর ইরানের শাসনভার গ্রহণ করেছেন তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ইরানের নতুন নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম সম্পর্কে নেতানিয়াহুর করা মন্তব্যের জবাবেই এ পাল্টা হুমকি দেয় আইআরজিসি।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল তিনি ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করছেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন, এ সন্ত্রাসী নেতাদের কারোরই জীবনের নিশ্চয়তা তিনি নিবেন না।

নেতানিয়াহুর এ অনমনীয় অবস্থানের জবাবে আইআরজিসি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/জেএইচ/