শিরোনাম

ঈদের ছুটিতে ঢাকার বায়ুমানে উন্নতি

নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে ঢাকার বায়ুমানে উন্নতি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে রাজধানী অনেকটাই ফাঁকা। ফলে বিশ্বের বড় বড় শহরে বায়ুদূষণ বাড়লেও ঢাকার বায়ুর মানে লক্ষণীয় উন্নতি দেখা গেছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৪তম।

বায়ুমানের এ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৭ মার্চ) ১৫২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল ৮ম।

আজকের তালিকা অনুযায়ী ১৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো।

এ ছাড়া ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, আর ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু শহর। তালিকায় পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৫২।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

সংশ্লিষ্টদের মতে, রমজান মাস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই বন্ধ ছিল। এর ওপর সরকারি ছুটি শুরু হওয়ায় লাখ লাখ মানুষ নাড়ির টানে ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন। ফলে সড়কে যানবাহনের চাপ নেই বললেই চলে। নগরীর রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা, যার ইতিবাচক প্রভাব পড়েছে ঢাকার বাতাসে।

/এফসি/