শিরোনাম

এমপির স্বজনদের বিরোধ, পুলিশের গাড়িতে হামলা

কুষ্টিয়া সংবাদদাতা
এমপির স্বজনদের বিরোধ, পুলিশের গাড়িতে হামলা
গাড়ির সামনের কাচ ভেঙে যায়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের স্বজনদের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে।

আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতের সংসদ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এমপি আফজাল হোসেনের দুই চাচতো ভাই আনোয়ার হোসেন ও শিপলুর মধ্যে পারিবারিক বিরোধ চলছে। এর জেরে উত্তেজনা শুরু হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে এলংগীপাড়ায় যান। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলুসহ তাদের লোকজন পাথর নিক্ষেপ করেন। এ ঘটনায় গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া-৪ আসনের এমপি মো. আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এমপির ভাতিজা রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় তার সংসদ সদস্য চাচা বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলাকায় এলে দুর্বৃত্তরা হামলা চালায়।

ঘটনার পর থেকে আনোয়ার হোসেন ও শিপলুর পরিবারের সদস্যরা বাড়িতে নেই।

ওসি জামাল উদ্দিন রাতে গণমাধ্যমকে বলেন, এমপির স্বজনদের মধ্যে বিরোধ চলছে– এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তার চাচাতো ভাই সাদিক, আনোয়ার ও শিপলু পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এ ঘটনায় পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। আমাদের ওপর কেন হামলা করল, বিষয়টি বুঝতে পারলাম না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসআর/