শিরোনাম

সৌদির সঙ্গে মিল রেখে দেশের যেসব স্থানে ঈদ শুক্রবার

সিটিজেন ডেস্ক
সৌদির সঙ্গে মিল রেখে দেশের যেসব স্থানে ঈদ শুক্রবার
ঈদুল ফিতর পালন। প্রতীকী ছবি

সৌদি আরবে ৩০ রোজা পূর্ণ হয়েছে আজ বৃহস্পতিবার। দেশটিতে শুক্রবার (২০ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদির সঙ্গে সঙ্গে মিল রেখে শুক্রবার বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদ পালন করা হবে।

শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করবেন। এই ঈদ উদযাপন করবেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হবে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে সকাল ৯টায়।

বরগুনা জেলার অন্তত ১৫ গ্রামে ঈদুল ফিতর পালন করা হবে সৌদির সঙ্গে মিল রেখে। বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা, পাথরঘাটার সদর ইউনিয়নের হাতেমপুর এবং বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামে ঈদের জামাত আয়োজন করা হয়েছে।

এছাড়া বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা, কাজিরাবাদ, বকুলতলা; বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী; তালতলী উপজেলার নিদ্রা, আলিরবন্দর, পাজরাভাঙ্গা ও নিউপাড়া গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদ পালন করবেন। জানা গেছে চট্টগ্রামে অন্তত ৫০ গ্রামের মানুষ সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করবেন।

মির্জাখীল দরবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই শ বছর আগে সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীরি (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে রোজা ও ঈদ পালনের ফতোয়া প্রদান করেন। সেই ধারাবাহিকতায় দরবারের অনুসারীরা সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণাকে গুরুত্ব দিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৫টি গ্রামে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এসব গ্রামের প্রায় ৪০ হাজার লোক ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। মতলব উত্তরের ১৫টিসহ জেলার অন্তত ৪০টি গ্রামে শুক্রবার ঈদ উদ্‌যাপিত হচ্ছে বলে জানা গেছে।

ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার শুক্রবার ঈদ পালন করবে। শুক্রবার সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

/টিই/