শিরোনাম

ভাবির দায়ের কোপে প্রাণ গেলো দেবরের

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ভাবির দায়ের কোপে প্রাণ গেলো দেবরের
সুমন মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোটরসাইকেল রাখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে দেবর প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে সরাইল উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া ওই এলাকার মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে সুমন তার পরিচিত এক এনজিও কর্মীর মোটরসাইকেল তাদের বাড়ির সামনে পার্কিং করে রাখে। এ নিয়ে তার চাচাতো ভাই আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগম ক্ষিপ্ত হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সুমন সেখান থেকে চলে যায়। দুপুরের পর আবার বাড়ি ফিরে এলে তাকে রুমানা বেগম গালিগালাজ করতে থাকে। এ সময় তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। তখন রুমানা উত্তেজিত হয়ে দা দিয়ে সুমনের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসআর/