শিরোনাম

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গ উন্মোচন করলো ইরান

সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গ উন্মোচন করলো ইরান
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পানির নিচে অবস্থিত মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গ প্রকাশ করেছে ইরান। বুধবার (২৮ জানুয়ারি) সংবাদমাধ্যম দ্য নিউ আরব এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির ওপর কোনো ধরনের হামলা হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না।

সংবাদমাধ্যমটি জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পানির নিচে অবস্থিত মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরি সুড়ঙ্গের ভেতরে অবস্থান করছেন।

ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, উৎক্ষেপণের জন্য পানির নিচে মোতায়েন করা এসব ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে।

নৌ কমান্ডার আলীরেজা বলেছেন, “সমুদ্রের নিচে তাদের মিসাইলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এগুলো উপসাগরীয় ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজকে মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছে।”

তিনি জানিয়েছেন, “এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে। যেগুলো ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।”

আলীরেজা আরও জানান, “তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ ক্ষেপণাস্ত্রে এমন স্মার্ট প্রযুক্তি সংযুক্ত রয়েছে, যা আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে নিরবচ্ছিন্নভাবে ট্র্যাক করতে সক্ষম।”

অন্যদিকে, ইরানের বিরুদ্ধে আগের চেয়ে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হামলা এড়াতে চায়, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

সূত্র: দ্য নিউ আরব

/জেএইচ/