শিরোনাম

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা ইরানের

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলা ইরানের
বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর

যুদ্ধবিরতির মধ্যে এবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার জবাবে তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা চালিয়েছে এবং সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এর আগে গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি গানশিপ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ইরানের উপকূলবর্তী বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

এক বিবৃতিতে তারা বলেছে, ইরান তাদের হেলিকপ্টার ভূপাতিত ছাড়াও পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে যে আগ্রাসন চালিয়েছে সেটির জবাবে সমানুপাতিক হারে হামলা চালানো হয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাতে আইআরজিসি বলেছে, ‘যুদ্ধবাজ মার্কিন সরকার আজ ভোরে মিথ্যা অজুহাতে জাস্ক, সিরিক ও কেশমের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।’

অন্যদিকে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে ‘আরও কঠোর জবাব’ দেওয়া হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পারস্য উপসাগরের তীরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনবাদী যুদ্ধের সময়ও সেখানে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান।

এর আগে দক্ষিণ বৈরুতে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

/জেএইচ/