ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি: ইসরায়েল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি: ইসরায়েল
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ শেষ হয়ে যায়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, ইরান আবারও পারমাণবিক অস্ত্র বানানোর তোড়জোড় শুরু করেছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

বক্তব্যে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ক্ষেত্রে আমাদের অভিযান এখনও শেষ হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করছে। এর পাশাপাশি তারা আরও কিছু গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরায়েলকে প্রকৃত বিপদের মুখে ফেলছে।

কাৎজের এ মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে ইসরায়েল সামনের দিনগুলোতেও সামরিক তৎপরতা চালিয়ে যেতে পারে। তবে পরবর্তীতে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি তিনি।

এমনিতেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের টানা অচলাবস্থা চলছে। ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ- তেহরান গোপনে পারমাণবিক বোমা বানানোর প্রযুক্তি ও সামর্থ্য জোগাড় করছে। অন্যদিকে ইরানের অবস্থান সব সময়ই পরিষ্কার। তারা শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং গবেষণামূলক কাজে ব্যবহারের জন্য।

পারমাণবিক বিতর্কের বাইরেও ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক প্রভাব নিয়ে ইসরায়েল গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। যদিও তেহরানের স্পষ্ট বক্তব্য, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের নিরাপত্তা সুসংহত রাখতেই তারা প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়াচ্ছে।

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ও নানা কূটনৈতিক আলোচনার মধ্যেই এ বক্তব্য সামনে এল। কাৎজের এ মন্তব্য প্রমাণ করে, তেহরানের পারমাণবিক পদক্ষেপ নিয়ে তেল আবিবের উদ্বেগ কতটা গভীরে এবং ইরানের বিষয়ে তাদের কঠোর অবস্থানের কোনো বদল ঘটেনি।

সূত্র: আরব নিউজ

/এমএকে/