এক সপ্তাহে সাড়ে ৯ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
এক সপ্তাহে সাড়ে ৯ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠালো সৌদি
সৌদি আরবের রাস্তায় তল্লাশি করছেন নিরাপত্তা কর্মীরা

সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ৫৮৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে এবং ৯ হাজার ৫৮৯ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৪৩ জন ধরা পড়েছেন বাসস্থান আইন লঙ্ঘনের দায়ে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইনে ৩ হাজার ১৯১ জন এবং শ্রম আইন ভঙ্গের অপরাধে ২ হাজার ৩৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর পাশাপাশি গত এক সপ্তাহে ৯ হাজার ৫৯ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ভ্রমণ সংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ২৩ হাজার ১৯৩ জনকে। আর নিজেদের টিকিটের রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে আরও ৯ হাজার ১৩৯ জন লঙ্ঘনকারীকে।

অন্যদিকে, অবৈধ উপায়ে সৌদি সীমান্ত পার হওয়ার চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে এবং দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে ১৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন অমান্যকারীদের বিভিন্ন ধরনের সহায়তা, যাতায়াত, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে আরও ২৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। বর্তমানে বিভিন্ন দেশের ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা জরুরি। তাই মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে যেকোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য জানানোর জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

/এমএকে/