নির্বাচনের ফল বাতিলের চেষ্টায় আদালতে যাচ্ছে নেতানিয়াহুর দল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নির্বাচনের ফল বাতিলের চেষ্টায় আদালতে যাচ্ছে নেতানিয়াহুর দল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আশানুরূপ ফল না পেয়ে এবার আদালতের শরণাপন্ন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল লিকুদ। নির্বাচনে আরব দলগুলো অবৈধভাবে ভোটার উপস্থিতি বাড়িয়েছে- এমন অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করে আপিল করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি।

শনিবার (৭ নভেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে লিকুদের আইনজীবী ইলান বোমবাখ জানান, নির্বাচনের দিন ভোটারদের গতিবিধি ট্র্যাক করতে আরব দলগুলো স্মার্টফোন অ্যাপ ব্যবহার করেছে। এধরনের প্রায় ৭০০টি সুনির্দিষ্ট অভিযোগ জমা দিয়েছে লিকুদের ভোটকেন্দ্র পর্যবেক্ষকরা। অথচ নির্বাচনের ঠিক আগে হাইকোর্ট এ ধরনের অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছিল। তবে এ আপিল সম্পূর্ণ ফলাফলকে চ্যালেঞ্জ করবে নাকি নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর গুরুত্ব দেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ১৭ নভেম্বর আপিল দাখিলের শেষ দিন। জেরুজালেম জেলা আদালতেই আপিল করা হতে পারে।

এদিকে সিভিলিয়ান ইলেকশন গার্ড নামের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, অ্যাপ ব্যবহারের সবচেয়ে বেশি নিয়মভঙ্গ করেছে খোদ লিকুদের নিজেদের কর্মী ও ভোটকেন্দ্রের কর্মীরাই। যা মোট ঘটনার ৩২ শতাংশ। অন্যদিকে ইউনাইটেড তোরাহ জুডাইজম ১০%, শাস ৬%, রা’আম ২% এবং জয়েন্ট লিস্ট ১% ক্ষেত্রে এমন অনিয়ম করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

নেতানিয়াহু ও তার জোটের সঙ্গীরা বারবার দাবি করে আসছেন, রেকর্ড সংখ্যক আরব ভোটারের অংশগ্রহণের কারণেই মূলত তাদের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে এবং ২৭ অক্টোবরের নির্বাচন একরকম ‘চুরি’ করা হয়েছে। এ নিয়ে ঘুষ, ভয়ভীতি ও জালিয়াতির নানা অভিযোগ তুললেও সেন্ট্রাল ইলেকশন কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সলবার্গ জানিয়েছেন, এসব অভিযোগ সত্য হলেও তা নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো যথেষ্ট নয়। একই সঙ্গে তিনি আরব ভোটারদের এভাবে দোষারোপ করার তীব্র নিন্দা জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের কাছে ২৬তম নেসেট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল জমা দেওয়া হয়েছে। ফলাফল হাতে পাওয়ার পর রাষ্ট্রপতি বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেন। শেষ পর্যন্ত বিরোধীদের মধ্য থেকে গাদি আইজেনকটকে সরকার গঠনের সুযোগ দিতে ৬৭ জন সংসদ সদস্য সমর্থন জানিয়েছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে ছিলেন মাত্র ৪৬ জন। এ পরিস্থিতিতে রবিবার (৮ নভেম্বর) আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি হারজগ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/