যুক্তরাষ্ট্রের ‘আয়রন গেট’ পরিকল্পনা শব্দের কারসাজি: আইআরজিসি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের ‘আয়রন গেট’ পরিকল্পনা শব্দের কারসাজি: আইআরজিসি
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি

ইরানের সমুদ্রবন্দরের পর এবার স্থলসীমান্তেও অবরোধ বা কড়াকড়ি আরোপের মার্কিন পরিকল্পনাকে ‘শব্দের কারসাজি’ বলে উড়িয়ে দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির দাবি, এ ধরনের পদক্ষেপ নিয়ে ইরানের অর্থনীতিকে ধ্বংস করার যে স্বপ্ন ওয়াশিংটন দেখছে, তা কখনই সফল হবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে তীব্র অর্থনৈতিক চাপ তৈরির আরেকটি কৌশল হিসেবে দেখছেন।

তিনি বলেন, এর মাধ্যমে মার্কিনিরা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তাদের মূল উদ্দেশ্য হলো ইরানের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দেশটির অর্থনীতিকে ভেঙে ফেলা ও ছিন্নভিন্ন করে দেওয়া।

তিনি আরও বলেন, ওয়াশিংটন এর আগে দাবি করেছিল মাত্র দুই সপ্তাহের মধ্যেই ইরানের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের গঠিত ‘আয়রন গেট’ টাস্কফোর্স ইরানের সীমান্ত দিয়ে পণ্য পরিবহন ও অস্ত্রের চালান ঠেকাতে কাজ করবে। মূলত ইরানের স্থলপথের সরবরাহ ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব ফেলাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য। কিন্তু আইআরজিসি জানিয়েছে, এমন ছক কষে ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, ভূ-রাজনৈতিকভাবে ইরানের সঙ্গে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের সীমান্ত রয়েছে। পাশাপাশি দেশটির উত্তর সীমান্তে রয়েছে কাস্পিয়ান সাগর।

সূত্র: আল জাজিরা

/এমএকে/