শিরোনাম

ইরানের সতর্কবার্তায় হরমুজ থেকে পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ

সিটিজেন ডেস্ক
ইরানের সতর্কবার্তায় হরমুজ থেকে পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ
মার্কিন ডেস্ট্রয়ার। ছবি: সংগৃহীত

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সতর্কবার্তার পর হরমুজ প্রণালির পূর্ব অংশে মার্কিন ডেস্ট্রয়ার পিছু হটতে বাধ্য হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বুলগেরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস ৬৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, হরমুজ সাগরের জলে একটি মার্কিন যুদ্ধজাহাজকে আইআরজিসির নৌ স্টেশন অবিলম্বে গতিপথ পরিবর্তন করার জন্য সতর্ক করছে।

ফুটেজে একজনকে বলতে শোনা যায়, মার্কিন নৌবাহিনীকে উদ্দেশ করে বলা হচ্ছে, ‘আপনাকে অবশ্যই গতিপথ পরিবর্তন করে অবিলম্বে ভারত মহাসাগরে ফিরে যেতে হবে। যদি আমার আদেশ অমান্য করেন, তবে আপনাকে লক্ষ্যবস্তু করা হবে।’

জবাবে একজন নারী কণ্ঠ বলে ওঠে, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা যাতায়াত করছি। এতে কোনো বাধা নেই।’

এরপর আইআরজিসি আরেকটি সতর্কবার্তা জারি করে, যেখানে ওমান সাগরের জাহাজগুলোকে মার্কিন যুদ্ধজাহাজ থেকে ১০ মাইলের বেশি দূরত্ব বজায় রাখতে বলা হয়। অন্যথায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলেও জানানো হয়।

এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শনিবার (১১ এপ্রিল) দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ফ্র্যাঙ্ক ই. পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি ‘হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করেছে’। এর পরেই এই ভিডিও ফুটেজ করা হয়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে হরমুজ প্রণালি মুক্ত করতে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে এই অভিযান পরিচালনা করা হয়।

তবে ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাক করা হয়েছিল এবং আক্রমণকারী ড্রোন মোতায়েন করা হয়েছিল, যার ফলে মার্কিন যুদ্ধজাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়।

সূত্র: দ্য স্টেটসম্যান

/জেএইচ/