শিরোনাম

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন: সিআইএর সাবেক পরিচালক

সিটিজেন ডেস্ক
ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন: সিআইএর সাবেক পরিচালক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে পদচ্যুত করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার এমএস নাউকে সাক্ষাৎকার দেন জন ব্রেনান। সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি সভ্যতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্য এবং এতে বহু মানুষের জীবনের ওপর সৃষ্ট ঝুঁকি তাকে পদচ্যুত করার যৌক্তিকতা তৈরি করেছে।

জন ব্রেনান বলেন, ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। আমি মনে করি, ২৫তম সংশোধনী ডোনাল্ড ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।

তার মতে, ট্রাম্প এতটাই বড় ধরনের ঝুঁকি যে তাকে কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্বে রাখা উচিত নয়। কারণ তার হাতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভান্ডারসহ বিপুল সামরিক শক্তি রয়েছে।

উল্লেখ্য, বারাক ওবামা প্রশাসনে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জন ব্রেনান।

/এসবি/