শিরোনাম

পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২

ফরিদপুর সংবাদদাতা
পিকআপের সঙ্গে সংঘর্ষে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২
দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত

ফরিদপুর-বরিশাল মহাসড়কে পিকআপের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা (৪০) ও একই এলাকার আলমগীর শেখ (৫০)। তারা দুইজন পেশায় বাঙ্গী ব্যবসায়ী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহ ফরিদপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাঙ্গীবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ৩০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আরও একজন মারা যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিস বাহিনীর স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস সদস্যরা। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

/এফআর/