শিরোনাম

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকেজো

সিটিজেন ডেস্ক
ইরানি হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন অকেজো
কুয়েত সিটির ক্যাম্প আরিফজানে এক মহড়া চলাকালে ডামি হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। ছবি: এএফপি

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে। উপসাগরীয় অঞ্চলে অবস্থিত অন্তত এক ডজন মার্কিন সামরিক ঘাঁটি এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ওই অঞ্চলে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

ওয়াশিংটনের আরব সেন্টারের বার্ষিক সম্মেলনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ উল্লেখ করেন যে, গত এক মাসে ইরান কার্যত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের মূল অবকাঠামোগুলোকে অকেজো করে দিয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্বীকার করেনি, তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এসব ঘাঁটি এখন প্রায় অকেজো হয়ে পড়েছে।

পেন্টাগন ও উপসাগরীয় ছয়টি দেশ বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান বর্তমানে এসব ঘাঁটিতে প্রবেশাধিকার অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এমনকি হামলার কোনো ভিডিও বা ছবি প্রচারেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরটি এতটাই অরক্ষিত হয়ে পড়েছে, সেখানে ৯ হাজার সেনার অবস্থান এবং নৌবহরের কার্যক্রম পুনরায় সচল করা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতির ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাব ও প্রতিরক্ষা নীতি পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এমএকে/