শিরোনাম

ইসরায়েল মানবতার জন্য অভিশাপ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

সিটিজেন ডেস্ক
ইসরায়েল মানবতার জন্য অভিশাপ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

ইসরায়েলকে মানবতার জন্য একটি অভিশাপ ও শয়তানি শক্তি হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যখন ইসলামাবাদে শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, ঠিক তখনই লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। খাজা আসিফ অভিযোগ করেন, প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবাননে নির্বিচারে রক্তপাত অব্যাহত রেখেছে দেশটি। নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও মন্তব্য করেন, যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তারা যেন পরকালে কঠোর শাস্তি ভোগ করে।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষিত হলেও তা নিয়ে বর্তমানে চরম কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। তেহরান ও ইসলামাবাদ দাবি করেছে, এ যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে; তবে ওয়াশিংটন ও তেল আবিব তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করেছে।

এ পরিস্থিতির মধ্যেই বুধবার (৮ এপ্রিল) থেকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলা আরও তীব্রতর হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্যমতে, গত দুই দিনে সেখানে অন্তত ৩০৩ জন নিহত এবং ১,১৫০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত মোট ১,৮৮৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৬,০৯২ জন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/