শিরোনাম

পারমাণবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে ইরান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পারমাণবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে ইরান
ইরানের পারমাণবিক প্রকল্প। ছবি: পার্স টুডে

সুইজারল্যান্ডে উত্তেজনা ও টানা ১২ ঘণ্টার আলোচনা শেষে প্রথম দফার বৈঠক শেষ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠকে ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ জব্দ করা সম্পদ ছাড়ার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে ইরান গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক ইস্যুটিই মূল বিষয়। এ কারণেই আলোচনার প্রথম পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার বলেছেন, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।

যুক্তরাষ্ট্র মূলত তেহরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কী হবে তার রূপরেখা তৈরি করতে চেয়েছিল। সুইজারল্যান্ড ছাড়ার সময় এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স। তিনি মনে করেন, ইরানিরা কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছিল।

ভ্যান্স বলেছেন, ইরান দীর্ঘ সময় পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ‘সেই পরিদর্শন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে যাতে তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে’।

তিনি আরও বলেন, কারিগরি কমিটিগুলো এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা চালিয়ে যাবে। এ বিষয়ে আলোচনা করতে তিনি হয়তো আবারও সুইজারল্যান্ডে ফিরে আসতে পারেন।

তবে ইরানিরা বলছে, পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি অনুমোদন পায়নি।

সুইজারল্যান্ডে চলমান আলোচনার চূড়ান্ত নিষ্পত্তি হলে জানা যাবে কী বিষয়ে সমঝোতা হয়েছে এবং কী স্বাক্ষরিত হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/