‘স্টার ট্রেক’ খ্যাত হলিউড তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
‘স্টার ট্রেক’ খ্যাত হলিউড তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
হলিউডের কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট

হলিউডের কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন স্টুয়ার্ট। দারিদ্র্য ও পারিবারিক অশান্তির মধ্য দিয়ে কেটেছে তার শৈশব। ছোটবেলায় বাবার হাতে মায়ের নির্যাতনের ঘটনাও প্রত্যক্ষ করেছিলেন তিনি। অভিনয়ের মধ্যেই খুঁজে পেয়েছিলেন মানসিক স্বস্তি। ১৮ বছর বয়সে অভিনয়জগতে প্রবেশের পর ষাটের দশকে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির সদস্য হিসেবে মঞ্চে নিজের দক্ষতার পরিচয় দেন।

তবে মঞ্চের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকাখ্যাতি আসে ১৯৮৭ সালে। ওই বছর ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন পিকার্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। সিরিজটি ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সাত মৌসুমে প্রচারিত হয়। পরবর্তী সময়েও একাধিক চলচ্চিত্র ও ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজে চরিত্রটিতে অভিনয় করেন তিনি।

অন্যদিকে, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘এক্স-মেন’ চলচ্চিত্রে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন স্টুয়ার্ট। এ ফ্র্যাঞ্চাইজির একাধিক সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০২২ সালে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। সর্বশেষ ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার কাজেও যুক্ত ছিলেন তিনি।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে নাট্যকলায় অবদানের জন্য ব্রিটেনের তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি লাভ করেন স্টুয়ার্ট। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র-তিন মাধ্যমেই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

ব্যক্তিজীবনে তিনটি বিয়ে করেন এই অভিনেতা। তার দুই সন্তান রয়েছে। ২০১৩ সালে সংগীতশিল্পী সানি ওজেলকে বিয়ে করেন তিনি।

/এসবি/