শিরোনাম

৮ হাজার মুসলিমকে হত্যার নির্দেশদাতা ‘বসনিয়ার কসাই’ মারা গেছেন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৮ হাজার মুসলিমকে হত্যার নির্দেশদাতা ‘বসনিয়ার কসাই’ মারা গেছেন
সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ

নেদারল্যান্ডসের দ্য হেগে কারাবন্দী অবস্থায় মারা গেছেন সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধে ভয়াবহ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে তিনি আমৃত্যু কারাদণ্ড ভোগ করছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতিসংঘের এক কর্মকর্তা ম্লাদিচের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস ও বসনিয়ান সার্বদের সরকারি সংবাদমাধ্যমেও তার জীবনাবসানের খবরটি নিশ্চিত করা হয়েছে। তিনি জাতিসংঘের পরিচালনাধীন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইতিহাসে ‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত এ সাবেক জেনারেলকে ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে ২০২১ সালে তার দণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলও খারিজ হয়ে যায়।

ম্লাদিচের সামরিক জীবনের সবচেয়ে কালো অধ্যায় ছিল ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় চালানো বর্বরতা। জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’-এ তার সরাসরি নির্দেশে অন্তত ৮ হাজার বসনীয় মুসলিম পুরুষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে এটিকে সবচেয়ে বড় ও ভয়াবহ গণহত্যা হিসেবে বিবেচনা করা হয়।

বসনীয় যুদ্ধের পুরোটা সময় বেসামরিক জনগণের ওপর নৃশংস সহিংসতা ও জাতিগত নিধনের পেছনে ম্লাদিচের বাহিনী প্রধান ভূমিকা পালন করে। আন্তর্জাতিক অপরাধ আদালত তার এ কর্মকাণ্ডকে মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর অন্যতম হিসেবে চিহ্নিত করেছিল। দীর্ঘদিন কারাবন্দী থাকায় তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছিল। সম্প্রতি জাতিসংঘের একজন চিকিৎসকও জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং যেকোনো সময় তার মৃত্যু হতে পারে। তার মৃত্যুর মধ্য দিয়ে বলকান অঞ্চলের রক্তক্ষয়ী ও আলোচিত যুদ্ধাপরাধের অধ্যায়ের মূল খলনায়কের চিরবিদায় ঘটল।

সূত্র: আল জাজিরা

/এমএকে/