রাশিয়া-ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাশিয়া-ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা
প্রতীকী ছবি

রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই জরুরি সতর্কতা ব্যবস্থার অ্যাপে সাইবার হামলা হয়েছে। এর জেরে উভয় দেশের অ্যাপ থেকেই সাধারণ মানুষের মাঝে ভুয়া তথ্য ও আতঙ্ক ছড়ানোর বার্তা চলে যায়। এ নিয়ে নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (১ নভেম্বর) ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তাদের দেশের নাগরিকদের জন্য চালু করা বিমান হামলার সতর্কতা অ্যাপটি হ্যাক করা হয়েছিল। কিছু সময়ের জন্য ওই অ্যাপে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার আশঙ্কা দেখায় হ্যাকাররা। শুধু তাই নয়, রাস্তায় সংঘর্ষের সতর্কবার্তার পাশাপাশি রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে বলেও একটি ভুয়া বার্তা ছড়ানো হয়।

পরিস্থিতি সামাল দিতে টেলিগ্রামে একটি বিবৃতি দেয় ইউক্রেনের বিমানবাহিনী। সেখানে বলা হয়, অ্যাপটি সাইবার হামলার শিকার হয়েছে বলে মনে হচ্ছে। তবে দেশে তেজস্ক্রিয় হামলার কোনো হুমকি নেই। জনগণকে আতঙ্কিত না হয়ে কেবল আনুষ্ঠানিক চ্যানেলের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়। কিছুক্ষণ পর অ্যাপটির অস্বাভাবিক সতর্কবার্তাগুলো সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, অ্যাপটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিমান হামলার সাইরেনসহ সাধারণ মানুষকে সতর্ক করার অন্যান্য বিকল্প ব্যবস্থাগুলো পুরোপুরি সচল রয়েছে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার (২ নভেম্বর) রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তাদের মোবাইল অ্যাপেও বড় ধরনের সাইবার হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে রয়টার্স জানিয়েছে, এ হামলার ফলে সাধারণ মানুষের কাছেও মিথ্যা ও আতঙ্ক সৃষ্টিকারী তথ্য ছড়িয়ে পড়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটির কার্যক্রম স্বাভাবিক করতে কাজ চলছে। তবে এ সাইবার হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মস্কো তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

সূত্র: বিবিসি

/এমএকে/