২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন ২০৬০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার এখন ২০৬০
এলপিজির সিলিন্ডার । ছবি: সিটিজেন জার্নাল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে তা কার্যকর হবে।

গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। এক মাসের ব্যবধানে এবার সিলিন্ডার প্রতি দাম বাড়লো ২২৩ টাকা।

শুধু ১২ কেজি নয়, ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্তে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। ডিলারদের কমিশন ৫০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

/এফসি/