খুলনায় গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
খুলনায় গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার
নদীর চর থেকে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়

খুলনায় আবারও গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রূপসা উপজেলার আঠারোবেকি নদীর চরে প্রথমে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ভাটার সময় পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ পাওয়া য়ায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতের মধ্যে মেহেদী হাসান (৩৫) রূপসার রাজাপুর এলাকার আবদুল্লাহর ছেলে। তিনি একসময় জেলখানা ঘাটের মাঝি ছিলেন। অন্যজন রেজাউল করিম (৩০)।

পুলিশের দাবি, নিহত দুইজন খুলনার অপরাধজগতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর গড়া সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য। তাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান গণমাধ্যমকে বলেন, মেহেদী ও রেজাউলকে গুলি করে হত্যার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/