মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫
রাখাইনে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে

মিয়ানমারে সামরিক বিমানবাহিনীর একের পর এক বোমা হামলায় এক শিশুসহ অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। রবিবার (১ নভেম্বর) রাখাইন ও কারেন্নি রাজ্যের চারটি শহরে এ হামলার ঘটনা ঘটে।

মিয়ানমারের সংবাদমাধ্যম দি ইরাবতী জানিয়েছে, রাখাইন রাজ্যের কিয়াউকতাও, ম্রাউক-উ, পাউকতাও এবং কিয়াউকফিউ টাউনশিপ জুড়ে বিমান হামলায় আবাসিক এলাকা ও একটি প্রসূতি কেন্দ্র পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় বিমান হামলা ও বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন ১২ জন নিরীহ মানুষ।

শনিবার (৩১ অক্টোবর) কারেন্নি রাজ্যের পূর্বাঞ্চলীয় লোইকাও টাউনশিপে ঘটেছে আরও এক মর্মান্তিক ঘটনা। ছুটির দিনে একটি পুষ্টি কর্মসূচিতে অংশ নিতে শিশুরা স্থানীয় একটি স্কুলে জড়ো হয়েছিল। ঠিক সেই মুহূর্তে মিয়ানমারের সামরিক বিমান থেকে সেখানে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৩ শিশু নিহত ও ৮ জন আহত হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লাইং-এর নেতৃত্বাধীন সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমার এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। তখন থেকেই দেশের বিভিন্ন অংশে বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র বিরোধী গোষ্ঠী সামরিক নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে।

এ সংঘাতের জেরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও সংখ্যালঘুরা। বিশেষ করে রাখাইনে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাস করে, যারা প্রধানত মুসলিম সংখ্যালঘু এবং মিয়ানমারের সামরিক বাহিনীসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর দ্বারা নিপীড়নের শিকার হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/