ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা প্রায় প্রতিটি নারীই ভয়াবহ যৌন সহিংসতার শিকার হচ্ছেন। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর ও বিস্ফোরক দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তার মতে, অবৈধভাবে সীমান্ত পারাপারের পুরো ব্যবস্থাটি মানব পাচারকারী ও অপরাধী চক্রের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় আশ্রয়প্রার্থীদের একটি বড় অংশকে পথেই চরম নির্যাতন সহ্য করতে হচ্ছে।

‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে কথা বলার সময় তিনি জানান, ফ্রান্স থেকে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা মানুষদের জীবন পুরোপুরি পাচারকারীদের হাতে বন্দি। তিনি বলেন, ‘আপনি প্রায় নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন, উত্তর ফ্রান্সে থাকা প্রত্যেক নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন।’ কেবল নারীরাই নন, বেশ কিছু পুরুষও এ দীর্ঘ যাত্রায় শারীরিক ও যৌন নির্যাতনসহ নানা হুমকির মুখোমুখি হন বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানব পাচারকারীদের হাতে সীমান্ত ব্যবস্থাপনার চাবিকাঠি থাকতে পারে না। এমন নরকযন্ত্রণা সহ্য করে আসার পর কারও পক্ষে স্বাভাবিকভাবে যুক্তরাজ্যে নতুন জীবন শুরু করাও সম্ভব নয়।

সাক্ষাৎকারে দেশটিতে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের বিষয়েও মুখ খোলেন শাবানা মাহমুদ। তিনি জানান, মুখোশের আড়ালে এসব উগ্রপন্থী তার গৃহীত নীতি ও পদক্ষেপের বিরোধিতা করছে এবং দেশটির বিভিন্ন বন্দর বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। নিজের নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘তারা ক্ষমতায় এলে আমাকে হত্যা করতে পারে কিংবা দেশ থেকেই বের করে দিতে চাইবে হয়তো।’ তিনি দাবি করেন, উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো তাকে কোনোভাবেই ‘প্রকৃত ব্রিটিশ’ বলে গণ্য করে না এবং তিনি মুসলিম বলেই তার প্রতি এমন তীব্র বিদ্বেষ পোষণ করা হচ্ছে।

যুক্তরাজ্যে চলমান ফিলিস্তিনপন্থী আন্দোলন প্রসঙ্গেও নিজস্ব অবস্থান ব্যাখ্যা করেন এ মন্ত্রী। নিজেকে দীর্ঘদিনের ‘ফিলিস্তিনপন্থী’ হিসেবে উল্লেখ করে তিনি স্বীকার করেন, নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সাধারণ মানুষের গ্রেপ্তার হওয়ার ঘটনা তার নিজের জন্যও ‘অস্বস্তিকর’। তবে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, সরকারি দায়িত্ব পালনের সময় আইনকে কঠোর ও নিরপেক্ষভাবে প্রয়োগ করতে হয় বলে মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন আশ্রয়প্রার্থী নারীদের ওপর চলা এ ভয়াবহ নির্যাতনের সত্যতা স্বীকার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি সরকারের নিরাপদ ও বৈধ অভিবাসনপথ সংকুচিত করার নীতির কড়া সমালোচনা করেন। ইমরান হুসেইন জোর দিয়ে বলেন, যুদ্ধ, হানাহানি ও নিপীড়ন থেকে বাঁচতে ছুটে আসা নারী ও শিশুরা যদি কোনো নিরাপদ আইনি পথ না পায়, তবে তারা বাধ্য হয়েই এসব অপরাধী ও মানব পাচারকারীদের খপ্পরে পড়বে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/