নেপাল পুনর্গঠনে ২৪ হাজার কোটি রুপি সহায়তা দেবে ভারত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নেপাল পুনর্গঠনে ২৪ হাজার কোটি রুপি সহায়তা দেবে ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

বন্যায় বিধ্বস্ত নেপাল পুনর্গঠনের জন্য ২৪,০০০ কোটি নেপালি রুপি (প্রায় ১৫,০০০ কোটি ভারতীয় রুপি) মূল্যের একটি উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে ১,৫০০ জনের মৃত্যু এবং ৫,২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়। ভারতের এ সহায়তা দেশটির বিপর্যস্ত অবকাঠামো ও জনজীবন স্বাভাবিক করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে আসা ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেতৃত্বের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। নির্বাচনে নেপালের জনগণ তাকে যে ঐতিহাসিক রায় দিয়েছে, তা দেশটির তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি। বৈঠক পরবর্তী যৌথ ভাষণে মোদি বলেন, গত কয়েক ঘণ্টার আলোচনায় আমি নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্কের প্রতি তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারও উপলব্ধি করেছি। সহায়তা প্যাকেজটির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করার জন্য আমরা ২৪,০০০ কোটি নেপালি রুপি মূল্যের একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করছি। এ অর্থ ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও জীবিকা হারানো মানুষদের পুনর্বাসনে ব্যয় করা হবে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে উষ্ণ আতিথেয়তার জন্য ভারতকে ধন্যবাদ জানান নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। দুর্যোগের সময় ভারতের দ্রুত সাড়াদান ও সংহতির প্রশংসা করেন তিনি। বালেন শাহ বলেন, নেপাল ও ভারতের মধ্যকার সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং মহাসাগরের মতো বিশাল। আমাদের ঘনিষ্ঠতা এতটাই গভীর, কেবল কথায় তা প্রকাশ করা প্রায় অসম্ভব। একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে ভারত প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ধারাবাহিকভাবে প্রথম সাড়াদানকারী হিসেবে পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি ভারত সরকার ও জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সফরে মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন, আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসা এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণসহ মোট আটটি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। পাসপোর্ট বা ভিসা ছাড়াই চলাচলের উন্মুক্ত সীমান্ত থাকায় ঐতিহাসিকভাবেই নেপালের ওপর ভারতের গভীর প্রভাব রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত বিরোধ ও রাজনৈতিক নানা ইস্যুতে সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গিয়েছিল। এরই মধ্যে বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে নেপালে নিজেদের অবস্থান শক্ত করেছে চীন। তবে চীনা বিনিয়োগ বাড়লেও স্থলবেষ্টিত নেপাল আজও জ্বালানি ও নিত্যপণ্যের জন্য ভারতের ওপরই বেশি নির্ভরশীল।

সূত্র: এনডিটিভি

/এমএকে/