পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে গণ্য করবে বেলজিয়াম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে গণ্য করবে বেলজিয়াম
প্রতীকী ছবি

পরিবেশ ধ্বংসকে এখন থেকে গুরুতর পরিবেশগত অপরাধ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাসেলস আঞ্চলিক সরকার। এ সংক্রান্ত একটি খসড়া অধ্যাদেশে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে তারা। নতুন এ নিয়ম অনুযায়ী, পরিবেশের সবচেয়ে ভয়াবহ ক্ষতির ঘটনাগুলোর জন্য দোষীদের আরও কঠোর ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে হবে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম বিএক্স১ শুক্রবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবেশ বিষয়ক আঞ্চলিক প্রতিমন্ত্রী অ্যান্স পার্সুনস নিশ্চিত করেছেন সরকার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চূড়ান্ত পাঠে এ খসড়াটি পাস করেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিলটি এখন আঞ্চলিক সংসদে পাঠানো হবে।

প্রস্তাবিত এ আইনে পরিবেশের এমন সব ব্যাপক ক্ষতিকে অপরাধের আওতায় আনা হয়েছে, যার পরিণতি দীর্ঘস্থায়ী কিংবা অপূরণীয়। যেমন- কোনো বড় জলাভূমি শুকিয়ে ফেলা বা পুরোপুরি ধ্বংস করা, দীর্ঘ সময় ধরে ভূগর্ভস্থ পানি বা জলপথ দূষিত করা এবং প্রচুর পরিমাণে বিষাক্ত পদার্থ ছড়িয়ে মাটি, পানি বা বাতাসের দীর্ঘমেয়াদী ক্ষতি করা। এর পাশাপাশি, বড় পরিসরে বিপজ্জনক বর্জ্য ফেলার কারণে যদি ব্যাপক ও দীর্ঘমেয়াদী দূষণ তৈরি হয়, তবে সেটিও এ গুরুতর অপরাধের অন্তর্ভুক্ত হবে।

এ উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী পার্সুনস বলেন, ব্রাসেলসে এ ধরনের ঘটনার ঝুঁকি সীমিত, কিন্তু শহরাঞ্চলে জীববৈচিত্র্য, বায়ু, মাটি ও পানি রক্ষা করা একটি সম্মিলিত দায়িত্ব। মূলত পরিবেশগত পরিদর্শন, অপরাধ এবং দায়বদ্ধতা নিয়ে ব্রাসেলস অঞ্চলের ১৯৯৯ সালের পুরোনো আইনটি সংশোধনের লক্ষ্যেই নতুন এ প্রস্তাব আনা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/