এক্সপ্লেইনার

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত: ন্যাটো কি জবাব দেবে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত: ন্যাটো কি জবাব দেবে
প্রতীকী ছবি

ইউক্রেনে বড় ধরনের হামলার সময় সন্দেহভাজন একটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হানার মুহূর্তটি নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে। পোলিশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দুটি ক্ষেপণাস্ত্র এবং একটি জেট-চালিত ড্রোন দেশের ভেতরে এসে পড়ে থাকতে পারে। এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে ইউরোপীয় বাহিনী সামরিক মহড়া চালাচ্ছে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

পোল্যান্ডে অনুষ্ঠিত সামরিক মহড়ায় সৈন্যরা
পোল্যান্ডে অনুষ্ঠিত সামরিক মহড়ায় সৈন্যরা

পোল্যান্ডে কী হয়েছিল

ওয়ারশ-এ এক সংবাদ সম্মেলনে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, শুক্রবার (২০ নভেম্বর) রাতে রাশিয়ার হামলার পর পোল্যান্ডের ভূখণ্ডে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি জেট-চালিত ড্রোন এসে পড়ে। দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের নভি লিপোভিয়েৎস এবং রুডনিক নাদ সানেম এলাকায় ক্ষেপণাস্ত্র দুটি পড়ে, আর মোলোডিৎস এলাকায় পড়ে জেট-চালিত ড্রোনটি।

একটি ক্ষেপণাস্ত্র ইউরোপীয় সৈন্যদের সামরিক মহড়ার স্থান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়। কর্মকর্তাদের ধারণা, সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জেট-চালিত ড্রোনটি আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। একই রাতে ইউক্রেনে ব্যাপক বোমাবর্ষণ চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ৪০০টির বেশি ড্রোন এবং অন্তত ১১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকটিতে ক্লাস্টার ওয়ারহেড ছিল। ওই হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হন এবং আহত হন দুই ডজনের বেশি মানুষ।

রুশ মিসাইল
রুশ মিসাইল

কেন রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মতে, এটি রাশিয়ার একটি ইচ্ছাকৃত উস্কানি হতে পারে এবং পোল্যান্ডে চলমান ইউরোপীয় সামরিক মহড়ার সময়ের সঙ্গে মিল রেখেই তা করা হয়েছে। ৯ নভেম্বর দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে শুরু হওয়া দুই সপ্তাহের এ মহড়ার লক্ষ্য হলো যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনকে স্থিতিশীল রাখা এবং দেশটির সামরিক বাহিনীকে পুনর্গঠনে সহায়তা করার প্রস্তুতি নেওয়া।

ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের ক্লিনটন ইনস্টিটিউটের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস বলেন, এই ঘটনাটি রাশিয়ার কয়েক মাস ধরে চলে আসা একটি ধারার অংশ, যেখানে তারা পরীক্ষা করে দেখছে যে তারা কতদূর যেতে পারে। তিনি আরও বলেন, কয়েক মাস আগে তারা আকাশসীমায় ড্রোন ওড়াচ্ছিল এবং সত্যি বলতে, দু-একবার তারা সীমান্ত পেরিয়ে বাল্টিক রাষ্ট্রগুলোতে যুদ্ধবিমানও পাঠিয়েছিল। এতে পরীক্ষা করা যায় যে ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া দেখায়।

রাসমুসেন গ্লোবালের অংশীদার এবং ভূ-রাজনীতি বিষয়ক সিনিয়র ডিরেক্টর হ্যারি নেডেলকু মনে করেন, রাশিয়ার এ পরীক্ষা শুধু পোল্যান্ডেই সীমাবদ্ধ নয়। তিনি বলেন, যুদ্ধ চলাকালে রাশিয়া বারবার ন্যাটো মিত্র দেশ পোল্যান্ড, রোমানিয়া এবং এমনকি ন্যাটো-বহির্ভূত দেশ মলদোভাকেও পরীক্ষা করেছে। বিশেষ করে গত কয়েক মাস ধরে মলদোভার ভূখণ্ড ও আকাশসীমার ওপর দিয়ে ক্রমবর্ধমান সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উড়তে দেখা যাচ্ছে।

এ অনুপ্রবেশগুলোকে রাশিয়ার যুদ্ধলক্ষ্যের সঙ্গে যুক্ত করে নেডেলকু বলেন, প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেনের এ পূর্ণাঙ্গ আগ্রাসনে রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনকে ন্যাটোর অংশ হতে বাধা দেওয়া। সুতরাং তাদের স্পষ্ট লক্ষ্য হলো ন্যাটোকে দুর্বল করা, একে দুর্বল করার জন্য সম্ভাব্য সবকিছু করা। তার মতে, মাঝেমধ্যে ন্যাটোর ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ার মাধ্যমে রাশিয়া অনুচ্ছেদ ৫-এর নিচে থেকেই হাইব্রিড যুদ্ধের সীমা যাচাই করছে। ন্যাটোর অনুচ্ছেদ ৫ অনুযায়ী, কোনো এক সদস্যের ওপর সশস্ত্র হামলা হলে তা সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচিত হয়।

এখন কেন এ ঘটনা ঘটলো

বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার বলেন, যুদ্ধের পর ইউক্রেন ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা পেলে রাশিয়া স্বাচ্ছন্দ্যবোধ করবে। সাম্প্রতিক সময়ে কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছেন। এ উদ্যোগকে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের পাশ কাটানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি নতুন করে ভাবার কথা বলেন। এর জবাবে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বিরোধিতা করেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রিয়াবকভ বলেছেন, পশ্চিমা সামরিক জোটে কিয়েভের কোনো ধরনের ‘আংশিক সদস্যপদ’ মস্কোর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

লুকাসের ধারণা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাত এ সময়টি মার্কিন নেতৃত্বাধীন শান্তি আলোচনার সঙ্গে যুক্ত। তিনি বলেন, রাশিয়ানরা আলোচনার মাধ্যমে ইউরোপকে পুরোপুরি বাদ দিচ্ছে, এমনটা হতে দেওয়া যায় না। ক্রেমলিনের ইউরোপ-ব্যাপী নিরাপত্তা কাঠামো তৈরির উদ্যোগকে তিনি যুদ্ধবিরতি বা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা এড়ানোর কৌশল হিসেবে দেখেন। তার বক্তব্য, আলোচনায় শক্তিশালী ইউরোপ থাকার পরিবর্তে, তারা ইউরোপকে বিভক্ত করতে চায়, তারা ইউরোপকে অস্থির করতে চায়, তারা ইউরোপকে ভয় দেখাতে চায়। তিনি অধিকৃত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা কের্চ সেতুতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার কথাও তুলে ধরেন। তার মতে, এটি রাশিয়ার সক্ষমতার ওপর একটি অত্যন্ত গুরুতর আক্রমণ। এর মারাত্মক রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক পরিণতি রয়েছে। এর আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন।

ন্যাটোর পতাকা
ন্যাটোর পতাকা

পোল্যান্ড ও ন্যাটো কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রবেশকে গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। এক্সে তিনি লেখেন, এটি স্পষ্টতই বিপজ্জনক এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ফল। সপ্তাহান্তে তার পোল্যান্ড সফরের কথা রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ঘটনাটিকে একেবারেই অগ্রহণযোগ্য আখ্যা দেন এবং জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে রাশিয়ার চলমান উস্কানির আরও একটি উদাহরণ বলে জানায়। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কয়েক ঘণ্টা আগেই অনুপ্রবেশগুলোকে গুরুত্ব না দিয়ে বলেন, পুতিন ভুলবশত পোল্যান্ডে ড্রোন ও কয়েকটি ছোট ক্ষেপণাস্ত্র ফেলছেন।

নেডেলকুর মতে, ওয়ারশ কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং কাছাকাছি ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’-এর মহড়ার সঙ্গে ঘটনাটির যোগসূত্রকে কাকতালীয় নয় বলে মনে করছে। তিনি জানান, পোল্যান্ড এখন ‘ইস্টার্ন সেন্ট্রি’ মিশনের আওতায় ন্যাটোর কাছ থেকে বাড়তি সহায়তা চাইছে, যেমন আকাশপথে আগাম সতর্কীকরণ বিমান।

তবে পোল্যান্ড অনুচ্ছেদ ৪ সক্রিয় করেনি, যার মাধ্যমে মিত্ররা অনুচ্ছেদ ৫-এর আগে জরুরি পরামর্শ করে। নেডেলকু বলেন, এটা স্পষ্ট নয় যে তারা নিজেদের ইচ্ছায় এটা করেছে কিনা। হয়তো মিত্ররা এটি খুব ঘন ঘন ব্যবহার করতে চায় না, কারণ অনুচ্ছেদ ৪-ও বেশ গুরুতর। এটি খুব কমই প্রয়োগ করা হয়েছে, এবং ক্রমাগত প্রয়োগ করা হলে এর কার্যকারিতা কমে যায়।

লুকাস মনে করেন, ইউরোপীয় নেতাদের প্রকাশ্য নিন্দাই মস্কোর জন্য বার্তা। তার কথায়, এটি রুশদের প্রতি একটি সংকেত। তবে সামান্য কয়েকটি ক্ষেপণাস্ত্রের কারণে সর্বাত্মক যুদ্ধে জড়ানো হবে না বলেই মনে করেন তিনি। স্থল, বিমান, নৌ, সাইবার এবং অপতথ্য মোকাবিলায় প্রতিরক্ষামূলক প্রস্তুতি আরও জোরদার হবে বলে তার ধারণা।

এঘটনায় কি ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ সক্রিয় হবে

এটার সম্ভাবনা কম। অনুচ্ছেদ ৫ অনুযায়ী, এক মিত্রের ওপর হামলা ৩২টি সদস্য দেশের ওপর হামলা হিসেবে ধরা হলেও এটি স্বয়ংক্রিয় নয়। এর জন্য সব সদস্যের রাজনৈতিক সম্মতি লাগে। এর বদলে পোল্যান্ড অনুচ্ছেদ ৪ ব্যবহার করতে পারে, যেমনটি ২০২৫ সালের সেপ্টেম্বরে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢোকার পর করেছিল।

লুকাসের মতে, সংঘাত না বাড়িয়েই ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা রুখতে চায় ন্যাটো, ফলে অনুচ্ছেদ ৫ চালুর শর্ত বেশ কঠিন। তিনি বলেন, পোল্যান্ডে ধারাবাহিক রুশ আক্রমণ হলে তবেই অনুচ্ছেদ ৫-এর প্রসঙ্গ আসতে পারে। পাশাপাশি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের আলোচনার প্রেক্ষাপটে ন্যাটো এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার অভিযোগ ওঠে।

লুকাস বলেন, আলোচ্য চুক্তি নিয়ে জ্যারেড কুশনার এমন সব বিবৃতি দিচ্ছেন যার কোনো মানেই হয় না। তার মতে, যুক্তরাষ্ট্র চুক্তির জন্য এতটাই উদগ্রীব যে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তার বিশ্বাস, যুদ্ধবিরতি অস্থিতিশীল হয়ে পড়ার ঝুঁকিতে ইউক্রেনের এখন ন্যাটো সদস্যপদ পাওয়ার বাস্তব সম্ভাবনা নেই। বরং সদস্যপদ ছাড়াই ন্যাটোর মতো নিরাপত্তা নিশ্চয়তা দেওয়াই লক্ষ্য হওয়া উচিত।

পুতিন ও জেলেনস্কি
পুতিন ও জেলেনস্কি

এ ঘটনা কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও তীব্র করে তুলবে

বিশ্লেষকদের মতে, এখনই রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা কম। নেডেলকু বলেন, জোটটি যে কোনো ধরনের শক্তি প্রদর্শন করতে চায় না, তার সব লক্ষণই স্পষ্ট। তার মতে, রাশিয়া সীমা যাচাই করতেই থাকবে।

লুকাসের মতে, সরাসরি হামলার চেয়ে বড় ঝুঁকি হলো সাইবার হামলা ও অপতথ্য প্রচারের মতো হাইব্রিড তৎপরতা। তিনি বলেন, সরাসরি রুশ হামলার চেয়ে এই মুহূর্তে আসল হুমকিটা সেখানেই। অনিচ্ছাকৃতভাবে পরিস্থিতি খারাপ হতে পারে মানলেও তৃতীয় বিশ্বযুদ্ধের মতো চরম পরিস্থিতির কথা বলতে নারাজ তিনি।

নেডেলকুর ভাষায়, ইউক্রেনের ভেতরে সম্মুখভাগের চেয়ে আকাশপথে হামলা বেশি বাড়ছে এবং পোল্যান্ডের ঘটনাটি এ সংঘাতেরই পার্শ্বপ্রতিক্রিয়া। বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ, সেতু ও রেলপথ ধ্বংস করে শহরগুলোকে অচল করার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের অর্থনীতি ও জনগণকে দুর্বল করতে চাইছে। আর মস্কোর ওপর চাপ বাড়াতে ইউক্রেনের নিজস্ব পাল্টা আক্রমণের ওপর জোর দেন লুকাস, যেখানে ইউরোপ ও ন্যাটোর সমর্থন থাকলেও ট্রাম্প প্রশাসন তা সমর্থন করে না।

/এমএকে/