এক্সপ্লেইনার

ফ্রান্স থেকে যেভাবে ইউরোপের ৩০ দেশে ছড়িয়েছে বিক্ষোভ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ফ্রান্স থেকে যেভাবে ইউরোপের ৩০ দেশে ছড়িয়েছে বিক্ষোভ
‘ইতালিয়া ইন পিয়াজা’ আন্দোলনের আয়োজিত সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা

ফ্রান্সে শুরু হওয়া জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। গত দুই মাসে ফ্রান্সসহ ইউরোপের ৩১টি দেশে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব বিক্ষোভের মূল কারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার ঘাটতি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। সংস্থাটির হিসাবে, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে এসব বিক্ষোভ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ফ্রান্সে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি ফ্রান্সের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলনের শুরু। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকের সংকট এবং জরাজীর্ণ ভবনের প্রতিবাদে তারা আন্দোলনে নামে। পরে এর সঙ্গে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি, কম মজুরি ও আবাসন সংকটের মতো বিষয়।

শিক্ষার্থীদের এই আন্দোলনে পরে যোগ দেয় শ্রমিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও। একপর্যায়ে বিভিন্ন শহরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এক বিক্ষোভকারীর দিকে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করছেন এক পুলিশ কর্মকর্তা
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এক বিক্ষোভকারীর দিকে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করছেন এক পুলিশ কর্মকর্তা

ফ্রান্সে সবচেয়ে বেশি বিক্ষোভ

এসিএলইডির তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১০০ জন করে অংশ নিয়েছেন। শিক্ষা, জনসেবা ও জীবনযাত্রার ব্যয় ছিল বিক্ষোভের প্রধান বিষয়।

১৭ অক্টোবর ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়। সরকারি হিসাবে, সেদিন দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ রাজপথে নেমেছিলেন। এরপরও আন্দোলন অব্যাহত রয়েছে।

গত শনিবারও দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, সেদিনের কর্মসূচিতে অংশ নেন ১ লাখ ৪৬ হাজার মানুষ। এর মধ্যে রাজধানী প্যারিসে ছিলেন ৪৬ হাজার। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, সারা দেশে আড়াই লাখ এবং প্যারিসে ৭৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে। পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

এসিএলইডির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিওনাড র্যালে ১৯ অক্টোবর বলেন, গত পাঁচ বছরে ফ্রান্সে প্রতিদিন গড়ে ২০ দশমিক ৫টি বিক্ষোভের ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। চলমান আন্দোলনে এই সংখ্যা বেড়ে প্রতিদিন প্রায় ৬৬টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের তুলনায় বিক্ষোভের ঘটনা তিন গুণের বেশি হয়েছে।

তার মতে, শুধু বিক্ষোভের সংখ্যাই নয়, সহিংসতার মাত্রাও এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলমান আন্দোলনের প্রায় ২৪ দশমিক ২ শতাংশ ঘটনাকে দাঙ্গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগের বিক্ষোভগুলোর ক্ষেত্রে এই হার ছিল গড়ে ১ দশমিক ৯ শতাংশ।

বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরাও। ২৮ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে তারা ফরাসি কর্তৃপক্ষের অতিরিক্ত বলপ্রয়োগের সমালোচনা করেন। তাদের ভাষ্য, বিক্ষোভের ঘটনায় কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়স্ক। এ ধরনের পদক্ষেপ মানুষের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চায় বাধা তৈরি করতে পারে।

এ ছাড়া ফ্রান্সের উত্তরের শহর লিলে স্কুলশিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে এক কিশোরের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

প্লেস দে লা রিপাবলিকের মারিয়ানের মূর্তির পাশে ভাঙচুর করা একটি গাড়ি
প্লেস দে লা রিপাবলিকের মারিয়ানের মূর্তির পাশে ভাঙচুর করা একটি গাড়ি

ফ্রান্সের বাইরে যেভাবে ছড়াল আন্দোলন

ফ্রান্সের আন্দোলনের প্রভাব পড়েছে ইউরোপের অন্য দেশগুলোতেও। পর্তুগাল থেকে পোল্যান্ড পর্যন্ত বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয়, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার মান নিয়ে মানুষ প্রতিবাদ জানাচ্ছে।

এসিএলইডির তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে অন্তত ১০০ জনের অংশগ্রহণে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।

ফ্রান্সের মতো বড় আকারের না হলেও অন্য দেশগুলোর বিক্ষোভকে জনঅসন্তোষ ছড়িয়ে পড়ার লক্ষণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

এইচইসি প্যারিস বিজনেস স্কুলের ইউরোপীয় ইউনিয়নের আইন ও নীতিবিষয়ক অধ্যাপক আলবার্তো আলেমানো গত মাসে আল জাজিরাকে বলেন, ফ্রান্স এখন এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। তবে এর বাইরে ইউরোপের অন্য দেশগুলোতেও একই ধরনের অসন্তোষ ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে।

কোন দেশে কত বিক্ষোভ

এসিএলইডির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফ্রান্সের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে স্পেন ও ইতালিতে। ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশগুলোতে বিক্ষোভ ও দাঙ্গার সংখ্যা ছিল যথাক্রমে ১৭৩ ও ১৬০টি।

একই সময়ে জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।

স্পেনে আবাসন সংকটকে কেন্দ্র করে আন্দোলন জোরালো হয়েছে। গত ২ অক্টোবর দেশটির সংসদ দুটি জরুরি আবাসনবিষয়ক ডিক্রি প্রত্যাখ্যান করে। এর পরপরই অক্টোবরের শুরুতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিষয়টি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সংখ্যালঘু সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হয়।

ইতালিতেও জীবনযাত্রার ব্যয় ও আবাসনের উচ্চমূল্য নিয়ে বিক্ষোভ হয়েছে। দেশটির বিভিন্ন শহরে আন্দোলনকারীরা কম মজুরি, বাড়িভাড়া বৃদ্ধি এবং সরকারি সেবার ঘাটতির প্রতিবাদ জানিয়েছেন। কিছু বিক্ষোভে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।

পর্তুগালে বিক্ষোভের প্রধান কারণ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং বড় শহরগুলোতে বাড়িভাড়া ও আবাসনের উচ্চমূল্য। এসব সমস্যার সমাধানের দাবিতে দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ মিছিল করেছেন।

সব মিলিয়ে ফ্রান্সে শুরু হওয়া আন্দোলন এখন আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপের বিভিন্ন দেশে মানুষের একই ধরনের অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার চাপ এই বিক্ষোভের পেছনে কাজ করছে। আন্দোলনের বিস্তার বলছে, জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট এখন ইউরোপজুড়েই বড় সামাজিক ও রাজনৈতিক উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

/এমআর/